বিদ্রোহীদের চাপে কোণঠাসা আওয়ামী লীগ প্রার্থীরা

আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীর চাপে কোণঠাসা হয়ে পড়েছে বরগুনার ৪টি উপজেলার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। নৌকার প্রার্থীদের অভিযোগ দলীয় প্রার্থীর বিরুদ্ধাচরণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থীরা ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম দেলোয়ার হোসেন। নৌকার প্রার্থীকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুদ্দীন আহমেদ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী শামসুল হক। 

নৌকা প্রতীকের প্রার্থী জিএম দেলোয়ার অভিযোগ করেন, আমতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান নৌকার পক্ষে প্রচার চালানোর জন্য তার কাছ থেকে দুই কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ বিষয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান টাকা দাবির বিষয়টি অস্বীকার করে বলেন, নৌকা প্রতীকের প্রার্থী অন্য আরেক স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আঁতাত করেছেন।

বরগুনা সদর উপজেলায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মাদ ওয়ালি উল্লাহ অলি। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল মজিদ মিয়ার জ্যেষ্ঠ সন্তান মনিরুল ইসলাম। অলি ও মনির সমর্থিত দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলায় ইতোমধ্যে উভয়পক্ষের ২৫-৩০ জন কর্মী আহত হয়েছেন।

পাথরঘাটায় নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গোলাম কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বামনায় নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু। এই উপজেলায় দলীয় বিদ্রোহী প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মানজুরুর রব মুর্তজার পক্ষ নিয়ে প্রচার চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দারসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের যেসব নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার ৫টি উপজেলায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ করা হবে।