ওয়াসা ও খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে দুদকের অভিযান

ঢাকা ওয়াসার ফকিরাপুল জোন ও খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার হটলাইন ‘১০৬’-এ ঘুষের বিনিময়ে পানি বিক্রির অভিযোগ পেয়ে ওয়াসার ফকিরাপুল মডস জোনে অভিযান চালায় দুদক। দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে চালানো অভিযানে অভিযোগের সত্যতা মিলেছে।

দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে অপর অভিযানটি হয় খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে। ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এ অভিযান চলে। অভিযানের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষায় বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের প্রমাণও মিলেছে। অবৈধভাবে আদায় করা দেড় লাখ টাকা শিক্ষার্থীদের ৩ এপ্রিল ফেরত দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিদ্যালয় কর্র্তৃপক্ষ।