রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার মানের সঙ্গে কোনো আপস না করতে এবং বিশ্ববিদ্যালয়কে ব্যবসাকেন্দ্র হিসেবে ব্যবহার না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগতমান নিশ্চিত করা। এর সঙ্গে কোনো প্রকার আপস করা যাবে না। গতকাল বৃহস্পতিবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ২০তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি এ কথা বলেন।
চ্যান্সেলর আবদুল হামিদ বলেন, আমাদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার সর্বোচ্চ স্থান, এটি কোনো ব্যবসাকেন্দ্র নয়।
অনুষ্ঠানে দুজন গ্র্যাজুয়েট সর্বোচ্চ ফল অর্জনের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ সমাবর্তন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, আইইউবির উপাচার্য অধ্যাপক ওমর রহমান, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী উপস্থিত ছিলেন।