প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন ভবনের ১৮ তলায় কাজ করার সময় পড়ে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে আশরাফুল ইসলাম (২১) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনা তদন্তে দুটি কমিটি হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ঘটনায় মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর আলাদা কমিটি করেছে। দুই কমিটিকে দুর্ঘটনার কারণ চিহ্নিত ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আফজাল হোসেনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। উপসচিব মো. মাহমুদুর রহমান হাবীব সদস্য সচিব এবং স্থাপত্য অধিদপ্তরের উপপ্রধান স্থপতি ও গণপূর্ত ডিজাইন সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।
এদিকে গণপূর্ত অধিদপ্তর ঢাকার অডিট ও মনিটরিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাঈদ মাহবুব মোরশেদকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।