বিদেশে সফরে গেলে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সরকারি প্রতিনিধিদলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ বর্ণবাদীর গুলিতে পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহতের প্রেক্ষাপটে সংসদীয় কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সুপারিশ করে। সেই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান জাতীয় দলের ক্রিকেটাররা।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ফারুক খান। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার, আব্দুল মজিদ খান, হাবিবে মিল্লাত ও নিজাম উদ্দিন জলিল।