প্রায় তিন দশক ধরে তিনি বলিউড শাসন করছেন। দীর্ঘ এই সময়ে অধিকাংশ জনপ্রিয় নায়িকার নায়ক হয়েছেন। শুধু বাদ পড়েছেন একজন। দীপিকা পাড়ুকোন। কিন্তু কেন? সুপারস্টার সালমান খান নিজেই দিয়েছেন সেই উত্তর।
নিজের নতুন প্রোডাকশন ‘নোটবুকে’র প্রচারে নেমে সালমান খান সাংবাদিকদের বলেন, ‘এত দিন দীপিকার সঙ্গে কোনো কাজ না হওয়ায় আমি নিজেও অবাক। আসলে তার পাশে অভিনয় করার কোনো প্রস্তাবই এখনো পাইনি।’
দীপিকা বলিউডে আছেন ১১ বছরের বেশি সময় ধরে। এত দিনে নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সালমান মনে করেন ভালো রোল না পেলে দীপিকা হয়তো তার সঙ্গে কাজ করবেন না, ‘ও নিজেই এখন বড় তারকা। নতুন কোনো প্রজেক্টে ভালো চরিত্র না পেলে হয়তো কাজ করতে চাইবে না।’
২৯ মার্চ মুক্তি পাচ্ছে প্রযোজক সালমান খানের নতুন ছবি ‘নোটবুক’। ছবিটিতে অভিনয় করছেন দুই নবাগত প্রনুতন ও জহির ইকবাল। প্রনুতন কিংবদন্তি অভিনেত্রী নুতনের নাতনি আর অভিনেতা মনীশ বহেলের মেয়ে।
এই ছবি মুক্তির বিষয়টি চুকে গেলে সালমান দাবাং-৩ নিয়ে কাজ শুরু করবেন।