শত কোটি রুপির সম্পত্তির হিসাব দিলেন হেমা মালিনী

বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী রাজনীতির কারণে অনেক দিন অভিনয় থেকে দূরে আছেন। উত্তর প্রদেশের মথুরার বিজেপির সংসদ সদস্য তিনি। পরবর্তী লোকসভা নির্বাচনে একই আসন থেকে মনোনয়ন পেয়েছেন ফের।

স্থানীয় গণমাধ্যম জানায়, নির্বাচনী বিধি মেনে সম্প্রতি সম্পত্তির হিসাব জমা দিয়েছেন হেমা। হলফনামা অনুসারে সর্বশেষ পাঁচ বছরে সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩৪. ৪৬ কোটি রুপি।

পাঁচ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে হেমা মালিনীর সম্পত্তির পরিমাণ ছিল ৬৬ কোটি রুপি। যা ৩৪.৪৬ কোটি বেড়ে দাঁড়িয়েছে ১০১ কোটি রুপি। হলফনামায় বাংলো, অলংকার, নগদ টাকা মিলিয়ে এ সম্পত্তি দেখিয়েছেন ‘শোলে’ অভিনেত্রী।

তিনি জানান, ২০১৩ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সম্পত্তি বেড়েছে ১৫.৯৩ লাখ রুপি। এরপর ২০১৮ সাল পর্যন্ত যথাক্রমে বাড়ে ৩.১২ কোটি, ১.১৯ কোটি, ৪.৩০ কোটি ও ১.১৯ কোটি রুপি।

হেমার হলফনামা অনুসারে তার অভিনেতা স্বামী ধর্মেন্দ্রর সম্পত্তির পরিমাণ ১২৩.৮৫ কোটি রুপি। তার দুটি গাড়ি রয়েছে। যার মধ্যে একটি ২০১১ সালে কেনা ৩৩.৬২ লাখ রুপির মার্সেডিজ। অন্যটি ২০০৫ সালে কেনা ৪.৭৫ লাখ রুপির টয়োটা। ধর্মেন্দ্রর বেশ কিছু পুরোনো গাড়ি রয়েছে। যার মধ্যে একটি ১৯৬৫ সালে কেনা ৭ হাজার রুপি মূল্যে রেঞ্জ রোভার গাড়ি, একটি মারুতি ৮০০ ও একটি মোটর বাইক।

হেমা জানান, জুহুর ভিলে পার্লেতে একটি বাংলো ও একটি জমি রয়েছে তার। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করার পর নাচ শেখা শুরু করেন। পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যান। ২০১২ সালে পিএইচডি সম্পন্ন করেন।