ভাস্কর নভেরা আহমেদের ৮০তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বিশেষ ডুডলে তাকে স্মরণ করছে গুগল।
বাংলাদেশ থেকে গুগলে ঢুকলেই চোখে পড়ছে নভেরার বিভিন্ন সৃষ্টিকর্ম নিয়ে সাজানো এ ডুডলটি। এতে ক্লিক করলে দেখাচ্ছে নভেরা আহমেদকে নিয়ে গুগলে নানা অনুসন্ধানের ফলও।
বাংলাদেশের ভাস্কর্য শিল্পের অন্যতম পুরোধা নভেরা আহমেদ ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস চট্টগ্রামের আসকারদিঘি এলাকায় হলেও বাবার কর্মস্থল সুন্দরবন অঞ্চলে জন্ম তার। পরবর্তীতে তার বাবা চাকরি বদলে কলকাতায় গেলে সেখানেই কাটে নভেরার শৈশব। কলকাতার এক স্কুলেই পড়াশোনা করেন। সে সময় থেকে ভাস্কর্য গড়তেন তিনি।
দেশভাগের সময় পরিবারে সঙ্গে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) কুমিল্লায় চলে আসেন নভেরা। ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। একপর্যায়ে বাবার অবসরগ্রহণের পর আদি নিবাস চট্টগ্রামেও থাকেন কিছুদিন।
১৯৫০ সালে উচ্চশিক্ষার উদ্দেশে লন্ডনে যান নভেরা। ১৯৫১ সালে ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফট সেরন্যাশনাল ডিপ্লোমা ইন ডিজাইনের মডেলিং ও স্কাল্পচার কোর্সে ভর্তি হন তিনি। ১৯৫৫ সালে কোর্স শেষ করে ডিপ্লোমা পান।
ভাস্কর হামিদুর রহমানের সঙ্গে জাতীয় শহীদ মিনারের প্রাথমিক নকশা প্রণয়নে যুক্ত ছিলেন তিনি। নভেরার ভাস্কর্যের মধ্যে কয়েকটি হচ্ছে ‘মা ও শিশু’, ‘পরিবার’ (১৯৫৮), ‘এক্সটার্মিনেটিং অ্যাঞ্জেল’, ‘চাইল্ড ফিলোসফার’, ‘যুগল’ (১৯৬৯), ‘জেব্রা ক্রসিং’(১৯৬৮) ইত্যাদি। ১৯৯৭-এ বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে।
তবে এক সময় অন্তরালে চলে যান এ শিল্পী। ঠাঁই নেন প্যারিসে। সেখানেই ২০১৫ সালের ৫ মে মারা যান তিনি।