শুটিং স্পটে সিলিন্ডার বিস্ফোরণে মা মেয়ে নিহত

সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের জন্য পরিকল্পিতভাবেই সিলিন্ডার বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু সবকিছু ঠিক থাকলেও সেই সিলিন্ডার বিস্ফোরণ যে এত ভয়ংকর হবে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি পরিচালক। ফলস্বরূপ মারা গেলেন দুজন। তারা সম্পর্কে মা-মেয়ে। এসেছিলেন সিনেমার শুটিং দেখতে। আহত হয়েছেন আরও অনেকে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর শিল্পাঞ্চলে। দক্ষিণী ছবি ‘রনম’ এর শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম সুমেরা (২৮) ও আর্য (৮)। বিস্ফোরণে আহত হয়েছেন সুমেরার স্বামী ও আর এক সন্তানও। ওই দু-জনকে বেঙ্গালুরুর আম্বেদকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে অনুমতি না নিয়েই এমন বিস্ফোরণের দৃশ্য ধারণ করা হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিজি এমএন রেড্ডি জানিয়েছেন, শ্যুটিংয়ে পরিকল্পিত বিস্ফোরণ ঘটানোর জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের কাছ থেকে কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। ফলে, আইনি পদক্ষেপ করতে চলেছে প্রশাসন।