প্রায় ৬০ কোটি ব্যবহারকারীর পাসওয়ার্ড অক্ষরে অক্ষরে উন্মুক্ত ফেইসবুকের কাছে। সংস্থার কর্মচারীরা সহজেই তা দেখতে পান বলে জানিয়েছেন ফেসবুকেরই একজন কর্মচারী। ‘ক্রেবসন সিকিউরিটি’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০ হাজার ফেইসবুক কর্মচারী সার্চ করলেই সহজেই হাতের মুঠোয় পেয়ে যান আপনার গোপন পাসওয়ার্ড।
২০১২ সালে চলা এক তদন্তের মাধ্যমে জানা গিয়েছিল, ফেইসবুক সংস্থার কাছে সাধারণ অক্ষরেই রয়েছে পাসওয়ার্ড। আজও সেই তদন্ত চলছে।
ফেইসবুকের ওপরে এই অভিযোগ আরোপ করা হলে একটি ব্লগ পোস্টে সংস্থাটি জানায়, কোম্পানির বাইরের কারও কাছে দৃশ্যমান নয় ব্যবহারকারীর পাসওয়ার্ড এবং তার কর্মচারীরা এগুলোর অপব্যবহার করছেন না। চলতি বছরের জানুয়ারিতে এই সমস্যার কথা ‘ক্রেবসন সিকিউরিটি’তে প্রথম প্রকাশ্যে নিয়ে আসেন ফেইসবুক সফটওয়ার ইঞ্জিনিয়ার স্কট রেনফ্রো।
ফেসবুক এবং ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের পাসওয়ার্ড বদল করার পরামর্শ দেওয়া হয়েছে, যদিও ফেইসবুক জোর দিয়ে বলছে, যে উন্মুক্ত পাসওয়ার্ডগুলোর অপব্যবহার করা হবে না। ফেইসবুকের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তার জন্য দুটি স্তরে অথেনটিকেশন করা হবে। প্রত্যেকবার লগইনের জন্য কোড ব্যবহার করতে হবে।
লঙ্ঘনের একাধিক তথ্য প্রকাশের পর ফেইসবুক প্ল্যাটফর্মের নিরাপত্তা সংক্রান্ত বিষয়কে নজরে রাখা হয়েছে। গত বছরের নভেম্বর মাসে বিবিসি রাশিয়ান সার্ভিস জানায়, ব্যক্তিগত চ্যাটসহ ১২০ মিলিয়ন ব্যবহারকারীর ফেইসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস করা হয়েছে এবং ইন্টারনেটে তা চড়া দামে বিক্রি হয়েছে।