এ কেমন শত্রুতা

আখাউড়ায় ছয়টি গরুকে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধরখার নিমপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন গরুর মালিক বর্গাচাষি ইউসুফ মিয়া। ব্র্যাক ব্যাংক থেকে ঋণ নিয়ে গরুগুলো কিনে তিনি লালন করছিলেন কোরবানির ঈদে বিক্রি করবেন বলে। ইউসুফ মিয়া বলেন, বৃহস্পতিবার গ্রামের এক আত্মীয় মারা গেলে বিকেলে দেখতে যাই। বাড়িতে এ সময় বৃদ্ধ বাবা একা ছিলেন। আর গামলায় খাবার দিয়ে গরু ছয়টি বেঁধে রাখা ছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি তিনটি গরু মরে পড়ে আছে, বাকি তিনটি ছটফট করছে। পরে বাকি তিনটিও মারা যায়। ইউসুফ আরও বলেন, স্থানীয় পশু চিকিৎসক এসে দেখে বলেছেন, গরুগুলোকে ভাতের মাড়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানো হয়েছে। এতে মারা গেছে গরুগুলো। ইউসুফ মিয়ার এখন একদিকে সংসারের বোঝা আর অন্যদিকে ব্যাংকের কিস্তি। সব মিলিয়ে এখন পাগলপ্রায় তিনি। বাড়ির ভিটেটুকু ছাড়া আর কিছু রইল না তার। আটজনের সংসার চলছিল তিনটি গাভীর দুধ বিক্রি করে। আখাউড়ার ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরুর মালিককে বলে এসেছি কাউকে সন্দেহ হলে আমাদের জানানোর জন্য।