পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। প্রবাসীরা দেশে ফিরে বিমানবন্দরেই নানা হয়রানির শিকার হন বলে অভিযোগ রয়েছে। তাই প্রবাসীদের হয়রানি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা প্রেস ক্লাবের উদ্যোগে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দায়িত্বশীল সাংবাদিকতায় গুরুত্বারোপ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমের শক্তি অনেক। তবে সেই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের কল্যাণ বয়ে আনে। তিনি জানান, বিদেশে বাংলাদেশ মিশনে হটলাইন চালু করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে সনদ সত্যায়নসহ অন্যান্য সেবা অতি অল্প সময়ে দেওয়ার ব্যবস্থা করছে।
নগরীর একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, ব্যবসায়ী আবদুল জব্বার জলিল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ। পররাষ্ট্রমন্ত্রী এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সিলেটের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।