তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পঁচাত্তরের পর রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে। আর তা করেছে বিএনপি-জামায়াত। গতকাল শুক্রবার চট্টগ্রামে প্রবর্তক সংঘের ছাত্রী হোস্টেল ‘মৈত্রেয়ী’ ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আমরা বাঙালিÑ এটি আমাদের প্রথম পরিচয়। যারা রাষ্ট্রকে সাম্প্রদায়িক শক্তিতে ভাগ করতে চায় তাদের প্রতিহত করতে হবে। প্রবর্তক সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। প্রবর্তক সংঘের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী এতে স্বাগত বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, চট্টগ্রামে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট রয়েছে। নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত প্রবর্তক বিদ্যাপীঠ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মান যুক্ত হলে এটি হতে পারে শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। এ লক্ষ্যে কাজ করার জন্য প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।