আইপিএলে ঘরের মাঠে গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়েলসে। এ ম্যাচে ছিলেন না বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার বদলে নেমেছিলেন কাঁধের ইনজুরি থেকে ফেরা দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করে ২ উইকেটে ১৯৮ রান তোলে রাজস্থান। জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নারের ঝড়ো অর্ধশতকের পর এক ওভার বাকি থাকতে জয় পায় হায়দ্রাবাদ। চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি করেন রাজস্থানের উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। বড় টার্গেটে শুরুটা ভালো করে সানরাইজার্স। ওপেনিং জুটিতে তোলে ১১০ রান। জুটি ভাঙে ডেভিড ওয়ার্নার ৩৭ বলে ৬৯ করে ফিরে গেলে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২ ছক্কা। দুই ইনিংসে ১৫৪ রান নিয়ে গতকাল পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার। পরের ওভারেই কুরকারনির অসাধারণ ক্যাচে পরিণত হয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো (৪৫)। দলীয় ১৬৪তে ফিরে যান উইলিয়ামসন (১৪)। ১৬তম ওভারে পরপর দুই উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শ্রেয়াস গোপাল। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। দুই অপরাজিত ব্যাটসম্যান ইউসুফ পাঠান (১৬) ও রশিদ খান (১৫) জয় নিয়ে মাঠ ছাড়েন। তার আগে টস হেরে ব্যাট করতে নামে রাজস্থান। দলীয় ১৫ রানে জস বাটলার ফিরে গেলেও শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন স্যামসন। ৩৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। তার সঙ্গী ছিলেন অধিনায়ক আজেঙ্কা রাহানে। দ্বিতীয় উইকেটে তাদের ১১৯ রানের জুটি ভাঙে রাহানে (৭০) ফিরে গেলে। ইনিংসের শেষ পর্যন্ত থেকে মাত্র ৫৫ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন স্যামসন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪ ছক্কা। ২৪ রানে ১ উইকেট ও ৮ বলে ১৫ রানের ইনিংসে ম্যাচসেরা হন রশিদ খান।