রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন শরীয়তপুর সদরের শৌলপাড়া ইউনিয়নের পূর্বসারেঙ্গা গ্রামের মির্জা আতিকুর রহমান (৩৮)। গত বৃহস্পতিবার আগুন লাগলে ভবনটির ১৩ তলায় নিজের অফিসে আটকা পড়েন তিনি। পরে সেখানেই আগুনে পুড়ে মৃত্যু হয় তার। মৃত্যুর কিছু সময় আগে স্ত্রী অ্যানি আক্তার পলির কাছে ফোন করে দোয়া চেয়েছিলেন আতিকুর।
বিলাপ করতে করতে অ্যানি আক্তার পলি দেশ রূপান্তরকে বলেন, ‘তখন দুপুর ১টা ১০ মিনিট। আমার কাছে মোবাইলে আতিকুর ফোন করে বলে, আমার জন্য দোয়া কর। তখন আমি বলি কেন এ কথা বলছ? তখন সে বলে অফিসে আগুন লাগছে। ধোঁয়ায় অফিস ভরে গেছে। আমি শ্বাস নিতে পারছি না।’