রাজধানীর গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
শনিবার ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।
ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। আগের ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে ৩-৪ বার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি বলেন, আগুন পুরোপুরি নেভানো সম্ভব না হলেও নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই।
ধারণা করা হচ্ছে, কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লেগেছিল।
এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।
আজ ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তা ফাঁকা ছিল। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করায় ডিএনসিসির সুপার মার্কেট অংশে আগুন ছড়ায়নি। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারতো।