গুলশানের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

রাজধানীর গুলশান-১ এ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার ভোর থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে হতাহতের খবর নেই। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে সেটা বলা যাবে।

এদিকে পানির অভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। গুলশান লেক থেকে পানি এনে আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়।

এদিন উৎসুক লোকজনকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের কাছে ভিড়তে দেওয়া হয়নি। তবে অনেকেই ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করেছেন।

ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার অংশে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি ভোরবেলা একই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার মার্কেটটির বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এরপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে মার্কেটটি চালু করা হয়।