মালাইকা-অর্জুনের বিয়ে নিয়ে মুখ খুললেন বনি কাপুর

বহুদিন ধরেই বলিউড পাড়ায় মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিয়ের খবর শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, আগামী ১৯ এপ্রিল অর্জুনের সঙ্গে বিয়েটা সেরেই ফেলছেন মালাইকা। মুম্বাইয়ের কোনো চার্চে খ্রীস্টিয় রীতিতে তারা বিয়ে করতে চলেছেন বলেও 'স্পট বয়' সূত্রের খবর মেলে।

জানা গেছে, মালাইকা-অর্জুনের বিয়ের অতিথি তালিকাও তৈরি হয়ে গেছে। বিয়েতে কারিশমা-কারিনাসহ মালাইকা-অর্জুনের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত থাকবেন বলেও শোনা যায়। এমনকি আমন্ত্রিতদের তালিকায় দীপিকা-রণবীরের নামও শোনা যায়।

এবার ছেলে অর্জুনের সঙ্গে মালাইকার বিয়ে নিয়ে মুখ খুলেছেন খোদ বনি কাপুর। বনি কাপুরের প্রথম ঘরের সন্তান অর্জুন কাপুর।  

বনি কাপুর বলেন, “অর্জুনের যে বিয়ের খবর শোনা যাচ্ছে, তা সবই গুজব।”

যদিও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অর্জুন ও মালাইকা দুজনেই তার ঘনিষ্ঠ মহলে বিয়ের বিষয়ে মুখে কুলুপ আঁটতে বলেছেন। এমনকি তারা তাদের মেকআপ, ড্রেসার, ব্যক্তিগত অ্যাসিটেন্ট সকলকেই কোনো কথা বাইরের কাউকে না বলার জন্য কড়া নির্দেশ দিয়েছে।