টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে টেকনাফের হাবিরছড়া এলকায় এই ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্রধারী কয়েকজন ইয়াবা লেনদেন করছে- এমন খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হোসেনের লাশ উদ্ধার করা হয়। এসময় পুলিশ সেখান থেকে দুই হাজার ইয়াবা, তিনটি দেশীয় এলজি ও ১২টি গুলি ও ৪০টি গুলির খোসা উদ্ধার করে। এই ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক ফরহাদসহ তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন ওসি।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।