কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী পাকিস্তানের বিরিয়ানি নিয়ে নরেন্দ্র মোদিকে ব্যঙ্গ করেছেন। মোদির রাজ্য উত্তর প্রদেশে গিয়ে রাহুল গান্ধীর বোন বলেন, ২০১৫ সালে বিরিয়ানি খেতে পাকিস্তানে যান বর্তমান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র মোদি পাকিস্তান সফরে যান। সেই সময় চেষ্টা করেন দুই দেশের সম্পর্ক ঠিক করার। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।
পুলওয়ামার জঙ্গি হামলাকে ইস্যু করে মোদি পাকিস্তান বিরোধী মনোভাব ভারতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের দাবি, জাতীয় নির্বাচনের আগে এটি বিজেপির একটি কৌশল।
নির্বাচনের আগে প্রিয়াঙ্কা মোদির রাজ্যে জনসভা করতে যান। সেখানে একটি মেগা রোড শো’তে অংশ নেন। এ সময় সাংবাদিকদের বলেন, ‘মোদি শুধুমাত্র বড়লোকদের সঙ্গে দেখা করেন। গ্রামের মানুষের কাছে আসার তার কোনো সময় নেই।’
‘আমি শুনে অবাক হয়ে গেলাম গত পাঁচ বছরে বারাণসীর একটি গ্রামেও আসেননি মোদি। কেন্দ্রের একটি পরিবারের সঙ্গেও কথা বলেননি।’
প্রিয়াঙ্কার এই অভিযোগের জবাব না দিলেও তার অযোধ্যা সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
অরুণ জেটলি বলেন, ‘ভোটের আগে অনেকেই অযোধ্যায় যান। অযোধ্যায় সবারই যাওয়া উচিত। মানা উচিত যে অযোধ্যাই রামের জন্মভূমি।’