সোনাক্ষী সিনহার বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা অনেক দিন ধরে বিজেপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নানা ঘটনার সূত্রে সম্প্রতি তিনি দল পাল্টালেন। নায়িকার মতে, আরও আগেই এ সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল শত্রুঘ্নর।
শুক্রবার এক অনুষ্ঠানে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়- বাবার বিজেপি ছাড়া নিয়ে তার কী মত?
উত্তরে বলিউড সুন্দরী জানান, ভারতীয় জনতা পার্টি থেকে পদত্যাগ ও কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্তে তিনি বাবার পাশেই আছেন। এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল।
‘দাবাং’ গার্ল আরও বলেন, “কংগ্রেসে যোগ দেওয়া বাবার সিদ্ধান্ত। জেপি নারায়ণ, অটল বিহারি বাজপেয়ি ও আদভানি জি’র সময় থেকেই বাবা বিজেপির সদস্য! দলের সদস্য হিসেবে আমার বাবার দলের মধ্যে একটা জায়গা আছে, সম্মান আছে। কিন্তু আমার মনে হয় বর্তমানে দলের কেউই যথাযথ সম্মান বাবাকে দিতে পারেনি। আমি মনে করি, বাবা একটু বেশিই দেরি করেছেন সিদ্ধান্ত নিতে। অনেক আগেই বাবার এটা করা উচিত ছিল।”
বার্তা সংস্থা এএনআই-কে সোনাক্ষী বলেন, “নিজের চারপাশের ঘটনাক্রম নিয়ে আপনি যদি খুশি না হন তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়ার মধ্যে কোনো লজ্জা থাকার কথাই নয়!”
সোনাক্ষীকে সামনে দেখা যাবে তারকাবহুল ‘কলঙ্ক’ সিনেমায়। শিগগিরই সালমান খানের বিপরীতে ‘দাবাং থ্রি’র শুটিংয়ে যোগ দেবেন।