বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, আরও একজনের মৃত্যু

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় মামলা হয়েছে। শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করে।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে আবু হেনা মোস্তফা কামাল নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বনানী অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা দাঁড়াল ২৬ জনে।

আন্তঃ বাহিনী জনসংযোগ (আইএসপিআর) কর্তৃপক্ষ আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া, এ ঘটনায় শতাধিক আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই সেটা কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র‌্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।