বন্ধুর সঙ্গে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

বন্ধুর সঙ্গে স্ত্রী পরকীয়া করছে জানতে পেরে আত্মহত্যা করেন এক ব্যক্তি। যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের হাল শহরে এ ঘটনা ঘটে।

দ্য মিরর জানায়, জোলতান বেনেদেক নামে ওই ব্যক্তিকে নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। গত বছরে জুন মাসে এ ঘটনা ঘটে। 

হালের একটি আদালতে শুরু হওয়া শুনানিতে স্বামীর বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন বেনেদেকের স্ত্রী। এ কারণেই তার স্বামী আত্মহত্যা করেছেন বলে তিনি জানান।  

জানা যায়, উন্নত জীবন যাপনের আশায় মাত্র তিন মাস আগে রোমানিয়া থেকে যুক্তরাজ্যে আসেন এ দম্পতি। পেশা কাঠমিস্ত্রি বেনেদেক একটি কারখানায় কাজ করতেন।

তার স্ত্রীর দাবি, স্বামী থেকে কোনো ধরনের শারীরিক সঙ্গ পাচ্ছিলেন না তিনি। এতে একপর্যায়ে বেনেদেকের বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

শুক্রবার আদালতকে ওই নারী বলেন, আমি তাকে আমাদের প্রেমের সম্পর্ক নিয়ে জানিয়েছিলাম। তখন সে পরামর্শ দিল রোমানিয়ায় ফিরে যেতে। এ নিয়ে আমাদের মধ্যে অনেক তর্কাতর্কি হলো। তাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল তখন।

স্বামীর সঙ্গে মনোমালিন্যের ফলে ওই রাতেই প্রেমিকের কাছে চলে যান তিনি। পরদিন দুপুরে বাসায় এসে দরজা বন্ধ পেয়ে আবার ফেরত যান।

বেনেদেকের স্ত্রী বলেন, “পরদিন সকালে আমি আবার আসি। এ সময় দরজার বাইরে আমি আমার চাবিটি দেখতে পাই। দরজা খুলেই দেখি সিঁড়ির ওপরে সে মরে পড়ে আছে।”

ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত মদ্যপান করে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বেনেদেক।

২০১৫ সালে এ দম্পতি বিয়ে করেছিলেন। এক নাইট ক্লাবে তাদের পরিচয় হয়েছিল, সেখান থেকেই তাদের প্রেম।