নবীগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি ইউনিয়নের বাজকাশারা এলাকায় বাস চাপায় তন্ময় বৈষ্ণ (৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত তন্ময় সোনার বাংলা মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে বাউসা গ্রামের সুমিত বৈষ্ণের একমাত্র পুত্র ।
নিহত তন্ময়ের পরিবার সূত্রে জানা যায়, সিএনজি যোগে নবীগঞ্জ থেকে বাংলা বাজার ফিরছিলেন তন্ময় বৈষ্ণ ও তার মা। পথিমধ্যে বাজকাশারা এলাকায় পৌঁছা মাত্র শেরপুর থেকে নবীগঞ্জগামী যাত্রীবাহী বাস সিলেট মেট্রো (ব- ১১-০০৭৫) অপর একটি গাড়িকে ওভারটেকিং করার সময় সিএনজিকে মারাত্মকভাবে ধাক্কা দেয় । এতে তন্ময় গুরুত্বর আহত হয়। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কাওছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করেন। এসময় বাস চালক ও তার সহকারী পালিয়ে যায়।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, নরসিংদী জেলার মাধবদী থেকে ছেড়ে আসা সাফি পরিবহনের বাস (ঢাকা মেট্রো- জ-১৪-২৬৫৭) নিয়ে যাত্রীরা সিলেট মাজার জিয়ারতে যাচ্ছিলেন। আউশকান্দি এলাকায় পৌঁছামাত্রই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের মহিলা শিশুসহ ২৫ জন আহত হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
আহতের মধ্যে মকবুল হোসেন (২৫),সখিনা বিবি (৬০),রিপন মিয়া (৩০),সালমা (৩০), রিপা (১৪)কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।