অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদকে সভাপতি এবং জামসেদ আনোয়ার তপনকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। ২৮- ৩০ মার্চ অনুষ্ঠিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন সাংগঠনিক অধিবেশনে ৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটি পরবর্তী দুই বছর দেশে ও বিদেশে উদীচী’র সাড়ে তিনশ’র বেশি শাখা সংসদের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন পারভেজ মাহমুদ। এ ছাড়া সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে, সংগীতা ইমাম এবং ইকবালুল হক খান। এ ছাড়া কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রদীপ ঘোষ, সুরাইয়া পারভীন, মারুফ রহমান, বিজন রায়, রহমান মুফিজ, কংকন নাগ, হালিমা নূর পাপন, মিজানুর রহমান সুমন, আরিফ নূর এবং বিমল মজুমদার। এ ছাড়া নতুন কেন্দ্রীয় কমিটিতে ১৯ জন সহসভাপতি এবং ৫৬ জন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। উদীচী’র একবিংশ জাতীয় সম্মেলনের তৃতীয় ও শেষ দিন সাংগঠনিক অধিবেশনে সম্মেলন ঘোষণা পাঠ করেন প্রবীর সরদার, সাংগঠনিক প্রস্তাব উত্থাপন করেন অমিত রঞ্জন দে এবং সাধারণ প্রস্তাব উপস্থাপন করেন সঙ্গীতা ইমাম। পরে, সর্বসম্মতিক্রমে প্রস্তাব তিনটি পাশ করা হয়। ‘সময়ের ভ্রান্তিতে টলো না, লড়াইটা কখনোই ভুলো না’- এই স্লোগানকে ধারণ করে গত ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় উদীচী’র একবিংশ জাতীয় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়।