ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই নিভে গেল আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায় বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই লোকজন আগুন নিভিয়ে ফেলে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অল্প কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে পর পর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে হতাহত হন। শনিবার বিকেলেই রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার ৪৫ নম্বর সড়কে ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের চতুর্থ তলায় একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একইদিনে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে।

এ ছাড়া, বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি নিহত হন।