বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের সরকার দেশের ১৮ কোটি মানুষের কাছে অভিশপ্ত। কারণ ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার হারিয়ে ফেলেছে। তাদের বাঁচার অধিকার, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা বলতে কিছু নেই।
শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
অলি আহমদ বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সরকারের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের লেনদেনের যোগাযোগ হয়েছে। নির্বাচনের সময়ে জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেনের সঙ্গে থাকা অনেকে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছেন। কখন, কোথায় এবং কোন বাসায় এই লেনদেন হয়েছে তার সব জানেন তিনি। একইসঙ্গে ২০ দলীয় জোটের অনেক নেতাও বেঈমানি করেছেন।
তিনি বলেন, জ্যেষ্ঠ নেতারা রাজপথে নামলে যুবকেরা এগিয়ে আসবে। গত ৩০ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগের তৈরি করা মঞ্চে বর্তমান নির্বাচন কমিশন ও প্রশাসন মিলে এই নির্বাচন করেছে। যার কারণে এখন পুলিশ দেশ চালাচ্ছে। তারা মন্ত্রী, এমপিদেরকেও মানছে না। এর থেকে দেশকে মুক্ত করতে হবে। আর এই মুক্তির আন্দোলনে সবাইকে সাহসী হতে হবে। ঈমানিভাবে যেকোনো সংগ্রামে জয়লাভ করা সম্ভব।
অলি আহমদ বলেন, ঈমান মজবুত রয়েছে এমন ১৫০ থেকে ১৬০ জন নেতা রাজপথে নামলে আগামী এক বছরের মধ্যে এই সরকারকে নতুন নির্বাচন দিতে বাধ্য করা সম্ভব হবে।
এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, এলডিপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, বিএনপি নেতা ব্যারিস্টার এম সারোয়ার হোসেন প্রমুখ।