মোবাইল ফোন কানে রেললাইনে, প্রাণ গেল সমাজকর্মীর

মোবাইল ফোনে কথা বলার সময় গাইবান্ধা শহরের এক নম্বর রেলগেট এলাকায় গতকাল শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে আবদুল গণি সরকার (৫৮) নামে এক ইউনিয়ন সমাজকর্মীর মৃত্যু হয়েছে। আবদুল গণি সরকারের বাড়ি সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের দামোদরপুর বুড়িরভিটা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত কছর উদ্দিন সরকারের ছেলে।

গাইবান্ধা রেলওয়ে স্টেশন, সমাজসেবা অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল গণি সরকার লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত। লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে করে তিনি গতকাল সকাল ৯টার দিকে গাইবান্ধা স্টেশনে নামেন। পরে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রেললাইন ধরে হাঁটতে থাকলে ওই ট্রেনের নিচেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুল গণি সরকার। বোনারপাড়া রেলওয়ে থানার ওসি আব্দুর সাত্তার বলেন, এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।