২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংযোগ নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের সম্পূর্ণ ও সম্পাদিত তদন্ত প্রতিবেদন ‘এপ্রিলের মাঝামাঝি’ সময়ের মধ্যেই কংগ্রেসকে দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। শুক্রবার মার্কিন অ্যাটর্নি জেনারেল প্রতিনিধি পরিষদের শীর্ষ নেতা ও সিনেটের বিচার বিভাগীয় কমিটিকে লেখা এক চিঠিতে এপ্রিলের মাঝামাঝি পুরো প্রতিবেদনটি কংগ্রেসকে দেওয়ার আশাবাদ জানান। ২২ মাসের এ তদন্তের মধ্যেই সাবেক এফবিআই পরিচালক মুলার ও তার দল ট্রাম্পের সাবেক ছয় সহযোগী ও একাধিক রুশ নাগরিকসহ ৩৪ জনের জালিয়াতি, কর ফাঁকি, মুদ্রাপাচার, মিথ্যা বলাসহ বিভিন্ন অপরাধ উন্মোচিত করেছেন।
তদন্ত শেষে গত সপ্তাহে সাবেক এফবিআই পরিচালক মুলার ওই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন। পরে প্রতিবেদনটির চার পৃষ্ঠার সারসংক্ষেপ প্রকাশ করেছিলেন বার। রবিবার অ্যাটর্নি জেনারেলের সারসংক্ষেপ প্রকাশের পরদিনই কংগ্রেসনাল কমিটির ৬ ডেমোক্রেট প্রধান বারের কাছে লেখা এক চিঠিতে অসম্পাদিত অবস্থাতেই প্রতিবেদনটির সম্পূর্ণ অংশ ২ এপ্রিলের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছিলেন। স্পেশাল কাউন্সিলের এ প্রতিবেদনে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবির ও মস্কোর মধ্যে ‘আঁতাতের’ প্রমাণ পাওয়া যায়নি বলে সারসংক্ষেপেই উল্লেখ করেছিলেন বার। সূত্র : বিবিসি