পুঁজিবাজারে ফড়িয়া চাই না : নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করতে চাই। জনগণের অর্থ নিয়ে ছিনিমিনি যারা খেলবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি। গতকাল চট্টগ্রামে বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, বাজারে দক্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী প্রয়োজন। ফড়িয়া ব্যবসায়ী, বিনিয়োগকারী ও পুঁজি সংগ্রহকারী আমরা চাই না। সরকারি সংস্থাগুলোকে জবাবদিহি করতে হবে। আমরা টেকসই সমাধান চাই। এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের ক্ষমতা বাড়াতে হবে।

বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন বলেন, জেনেশুনে নয়, জেনেবুঝে বিনিয়োগ করতে হবে। দেশি-বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করছি।’

সম্মেলনে আরও বক্তব্য দেন বিএসইসির কমিশনার মো. হেলাল উদ্দিন নিজামী, ড. স্বপন কুমার বালা, খন্দকার কামালুজ্জামান প্রমুখ।