সুপার ওভারে জয় দিল্লির

প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স ৮ উইকেটে ১৮৫ রান তোলে। জবাবে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে দিল্লি ক্যাপিটালস। ফলে ম্যাচটি টাই হওয়ায় খেলা সুপারওভারে গড়ায়। সুপার ওভারে প্রথমে ব্যাট করে দিল্লি ১০ রান করে। জবাবে কলকাতা ৬ রানে থামে। ফলে নাটকীয় জয় পায় দিল্লি। গতকাল পৃথ্বি শ ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলে দিল্লিকে জয়ের কাছে নিয়ে গিয়েছিলেন।

আইপিএলে গতকালের প্রথম ম্যাচে চ-িগড়ে সহজ জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৮ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে তারা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭৬ রানের স্কোর গড়ে রোহিত শর্মার দল। জবাবে ব্যাটিং করতে নেমে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাঞ্জাব।
মুম্বাইয়ের বেঁধে দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের দুরন্ত সুচনা এনে দেন ক্রিস গেইল এবং কে এল রাহুল। ওপেনিং জুটিতে ৫৩ রান তোলেন দুজন। ২৪ বলে ৪০ রান করে আউট হন গেইল। ছোট ইনিংসে তিনটি বাউন্ডারি ও চারটি ছক্কা মেরেছেন তিনি। এরপর মায়াঙ্ক আগারওয়াল ঝড় তোলেন। তিনি করেন ২১ বলে ৪৩ রান। মায়াঙ্কের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দুটি ছক্কা। গেইল আর মায়াঙ্কের ইনিংস রাহুলের কাজটা সহজ করে দেয়। শেষ পর্যন্ত ৫৭ বলে তার অপরাজিত ৭১ রানের ইনিংসে জয় পায় পাঞ্জাব। বিতর্কের মধ্যে থাকা অশ্বিন গতকাল বল হতে উইকেট পাননি। তবে পাঞ্জাবের পক্ষে মুরুগান অশ্বিন ২৫ রানের বিনিময়ে ২ উইকেট নেন।