আফগানিস্তানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল আবদুল রশিদ দোস্তুম তালেবান হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। তবে এতে তার এক দেহরক্ষী নিহত ও দুজন আহত হয়েছেন।
শনিবার উত্তর আফগানিস্তানের বালখ প্রদেশের মাজার-ই শরিফ থেকে জঝান প্রদেশে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।
ভাইস প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী কানিশকা তুরকিস্তানি বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানায় আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ।
মাজার-শেবারঘান সড়কে এ অ্যাম্বুশের ঘটনা ঘটে। প্রায় ১৩৪ কিলোমিটার মহাসড়কটি দুটি প্রদেশকে যুক্ত করেছে। প্রায় দুই ঘণ্টার পথ এটি।
দেশের চিফ এক্সিকিউটিভ আবদুল্লাহ আবদুল্লাহর নির্বাচনী টিমে যোগ দিয়েছেন দোস্তুম। দেশের বাইরে থেকে শনিবার বিকেলে তিনি বালখ প্রদেশে পৌঁছান।
সেখানে এক সমাবেশে দোস্তুম বলেন, তাকে সুযোগ দেওয়া হলে মাত্র ছয় মাসে উত্তর আফগানিস্তান থেকে তালেবানদের ‘নিশ্চিহ্ন করে দেবেন’ তিনি।
এদিকে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তালেবান। তাদের দাবি, এতে ভাইস প্রেসিডেন্টের চার দেহরক্ষী নিহত হন। আহত হন আরও ছয়জন।