মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে দুই বোনের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে দুই বোনের মৃত্যু ঘটেছে। রোববার সকাল ৯টায় পতনউষার ইউনিয়নের মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাদিয়া বেগম (৬) ও মুন্নি বেগম (৪)। তার মধ্যে সাদিয়া বেগম মহিলা মাদ্রাসার ছাত্রী। তাদের বাড়ি পতনঊষার গ্রামে।

জানা যায়, রোববার সকাল ৯টায় পতনউষা ইউনিয়নের পতনউষার গ্রামের দিনমজুর জুনেদ আহমেদের দুই মেয়ে মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই বড় মেয়ে সাদিয়া মারা যায়। আর আহত মুন্নিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এদিকে দুই সন্তানকে হারিয়ে জুনেদ আহমেদের পরিবারে চলছে শোকের মাতম। 
স্থানীয় পতনউষার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ন মল্লিক সাগর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহযোগিতা করা হবে।