উইনিং কম্বিনেশন ভাঙলেও সাকিব আল হাসানের জায়গা হলো না সানরাইজার্স হায়দরাবাদ একাদশে। আইপিএলে তাই টানা দ্বিতীয় ম্যাচের মতো ডাগ আউটে বসে কাটাতে হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।
রোববার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে হায়দরাবাদ। ঘরের মাঠে টস হেরে ব্যাটিং পেয়েছে দলটি।
এবারের আসরে হায়দরাবাদের প্রথম ম্যাচেই একাদশে ছিলেন সাকিব। কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে নেন ১ উইকেট। ইডেন গার্ডেন্সে ম্যাচটা হায়দরাবাদ হারে ৬ উইকেটে। সাকিব শেষ ওভারে বোলিং করে জেতাতে পারেননি দলকে।
তবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চোট কাটিয়ে ফেরা কেন উইলিয়ামসনকে জায়গা দিতে একাদশের বাইরে চলে যেতে হয় সাকিবকে। এদিন অবশ্য উইলিয়ামসনকে বাদ দিয়ে মোহাম্মদ নবীকে একাদশে নিয়েছে হায়দরাবাদ। নাদিমের পরিবর্তে একাদশে এসেছে দিপক হুদা।
সাকিবকে ছাড়াই নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থানকে ৫ উইকেটে হারায় হায়দরাবাদ। এদিন হায়দরাবাদ একাদশে জায়গা পাওয়া চার বিদেশে ক্রিকেটার হলেন- ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মোহাম্মদ নবী ও রশিদ খান। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার।