ব্যালটে ভোট না দিয়ে 'খালেদা জিয়ার মুক্তি' দাবি

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালটে ভোট না দিয়ে রঙিন কালিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়, রূপগঞ্জ, আড়াইহাজার উপজেলার ব্যালট পেপারে এমন কিছু লেখা দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

এসব ব্যালটে লেখা রয়েছে- 'খালেদা জিয়ার মুক্তি চাই', 'আমার মা জেলে কেন শেখ হাসিনা জবাব চাই'।

এমন কিছু ব্যালট পেপার ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। কিছু কিছু ব্যালট পেপারে এ ধরনের স্লোগানের নিচে লেখা ছিল, 'সোনারগাঁ উপজেলা ছাত্রদল'।

রোববার চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ফেসবুকে রুহুল আমিন নামের এক আইডিতে বেশ কয়েকটি এমন ব্যালট পেপার পোস্ট করা হয়। রুহুল আমিন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।  

সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর জানান, নির্বাচনের ব্যালট পেপারে ভোট না দিয়ে কে বা কাহারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালট পেপারে সিল মেরেছে তা আমার জানা নাই। তবে কেউ যদি সিল মেরে থাকে তাহলে অবশ্যই ক্ষোভে নীরব প্রতিবাদ জানিয়েছেন। 

এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। যদি এমন ঘটে থাকে তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পারেন।