বাকশাল আসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: হানিফ

বাকশাল আসবে কি না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ নেয়নি বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

তিনি বলেন, ‘এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তখন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য বাকশাল করা হয়েছিল। পাঁচ বছর বর্তমান সরকার আছে। এ সময় অপ্রয়োজনীয় বিষয় আনার দরকার নেই।’

রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এসব কথা বলেন। এদিন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুপস্থিতিতে প্রথম সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় কাদেরের জন্য  দোয়া এবং আশু আরোগ্য কামনা করা হয়।

সভাশেষে ব্রিফিংয়ে হানিফ বলেন, বনানীতে সংঘটিত অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হয়েছে। এ সময় অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিস কর্মীসহ যেসব বাহিনী কাজ করেছে, সভায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের সময় একটি জনবিচ্ছিন্ন দলের নেতারা মিথ্যাচার করছেন যে, বর্তমান সরকার ফায়ার সার্ভিসের কোনো উন্নয়ন করেনি। এটা পুরোপুরি মিথ্যাচার। বর্তমান সরকারের সময় ফায়ার স্টেশন ও জনবল দ্বিগুণের বেশি হয়েছে।  নতুন অনেক সরঞ্জাম কেনা হয়েছে। এ সময় হানিফ ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত ফায়ার সার্ভিসে উন্নয়ন পরিসংখ্যান তুলে ধরেন।

উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও তাদের সহযোগীদের তালিকা হচ্ছে জানিয়ে হানিফ বলেন, দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করেছে তাদের আওয়ামী লীগের দায়িত্বশীল কেউ সহযোগিতা করেছে কি না এবং কারা সহযোগিতা করেছে তাদের তালিকা করার দায়িত্ব দেওয়া হয়েছে বিভাগের সাংগঠনিক সম্পাদকদের।

হানিফ জানান, অক্টোবরে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ জন্য ৮ বিভাগে ৮টি কমিটির খসড়া টিম করা হয়েছে। ৫ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভায় এই টিমগুলো যাচাই বাছাই ও সংযোজন বিয়োজন করে চূড়ান্ত করা হবে। এ ছাড়া জাতির পিতার জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে ৮ টি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, আ খ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।