রাজনৈতিক কারণে তাসভিরকে গ্রেপ্তার করা হয়েছে: মির্জা ফখরুল

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে তাসভির উল ইসলামকে জড়িয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের চরম ব্যর্থতায় জনমনে যে ধিক্কার উঠেছে, সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, মূলত তাসভির উল ইসলাম ওই ভবনের মালিকও নন, ডেভেলপারও নন। তিনি ভবন নির্মাতা প্রতিষ্ঠান বা বিল্ডার্সের কাছ থেকে ফ্লোর কিনেছেন মাত্র। তিনি কোনোভাবেই দায়ী হতে পারেন না। সম্পূর্ণরূপে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে তাসভির উল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু জনগণের কাছে বিএনপিকে দোষী করার জন্য।

তিনি বলেন, বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণে সরকারের গাফিলতি এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মতো সরকারি প্রতিষ্ঠানের দৈন্যদশায় দেশে একের পর এক আগুনে পুড়ে মানুষের মৃত্যুর যে ট্র্যাজেডির সৃষ্টি হচ্ছে, সেটির দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সরকার নির্দোষ সাজতে চাচ্ছে।

বিবৃতিতে তাসভির উল ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাসভিরের নিঃশর্ত মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব।