পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার দেশের ২২ জেলার ১০৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া বড় বিভিন্ন রাজনৈতিক দল অংশ না নেওয়ায় অন্যান্য ধাপের মতো এবারো ভোটারদের তেমন সাড়া ছিল না।
এই ধাপে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন ৮৮ জন। এর মধ্যে চেয়ারম্যান ৩৯ জন, ভাইস চেয়ারম্যান ২২ ও ২৭ জন নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন।
রাত সাড়ে ১২টা পর্যন্ত দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩৮ জন। এর মধ্যে আওয়ামী লীগের ২৪, স্বতন্ত্র ১৩ ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী একজন।
তারা হলেন- চট্টগ্রামের লোহাগাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল। ফেনী সদর উপজেলায় আওয়ামী লীগের আবদুর রহমান, ফুলগাজীতে আওয়ামী লীগের আবদুল আলিম। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের ওমর ফারুক বাদশা ও চাটখিলে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির। ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।
যশোরের চৌগাছায় আওয়ামী লীগের ড. মোস্তানিছুর রহমান, কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) কাজী রফিকুল ইসলাম, মণিরামপুরে আওয়ামী লীগের নাজমা খানম, বাঘারপাড়ায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) নাজমুল ইসলাম কাজল, ঝিকরগাছায় স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী) ও অভয়নগরে আওয়ামী লীগের শাহ্ ফরিদ জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের আনিস-উজ-জামান আনিস, টঙ্গীবাড়িতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) জগলুল হালদার ভুতু, শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মশিউর রহমান মামুন, সিরাজদিখানে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমেদ ও লৌহজংয়ে আওয়ামী লীগের ওসমান গনি তালুকদার বিজয়ী হয়েছেন। গজারিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মো. আমিরুল ইসলাম প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের এসএম রাকিবুল আহসান, দুমকীতে আওয়ামী লীগের হারুন আর রশিদ, গলাচিপায় আওয়ামী লীগের শাহীন শাহ, মির্জাগঞ্জে স্বতন্ত্র প্রার্থী খান মো. আবু বক্কর, সদরে অ্যাডভোকেট আওয়ামী লীগের গোলাম সরোয়ার, বাউফলে আওয়ামী লীগের মোতালেব হাওলাদার ও দশমিনায় আওয়ামী লীগের আব্দুল আজিজ নির্বাচিত হয়েছেন।
পিরোজপুর সদরে আওয়ামী লীগের মো. মজিবুর রহমান খালেক, ইন্দুরকানীতে আওয়ামী লীগের এম মতিউর রহমান, নাজিরপুরে আওয়ামী লীগের অমূল্য রঞ্জন হালদার, কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) আবু সাঈদ মনু ও স্বরূপকাঠীতে স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল হক বিজয়ী হয়েছেন।
টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগের শহিদুল ইসলাম লেবু, ভূঞাপুরে আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল হালিম, কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনছার আলী, সদরে আওয়ামী লীগের শাহজাহান আনসারী, দেলদুয়ারে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মাহমুদুল হাসান মারুফ, নাগরপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ, মির্জাপুরে আওয়ামী লীগের মীর এনায়েত হোসেন মন্টু, বাসাইলে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) কাজী অলিদ ইসলাম ও সখিপুরে আওয়ামী লীগের জুলফিকার হায়দার কামাল লেবু নির্বাচিত হয়েছেন।