তুরস্কের মেয়র নির্বাচনে ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি-একেপি। মোট ভোটে এগিয়ে থাকলেও খোদ রাজধানী আঙ্কারায় হেরেছে এই জোটের প্রার্থী।
মোট ভোটের ৫১.৬৭ শতাংশ পেয়েছে একেপি নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স। আর ৩৭.৫৩ শতাংশ ভোট পেয়েছে বিরোধী জোট নেশন অ্যালায়েন্স।
আনাদলু জানায়, একক দল হিসেবে এরদোয়ানের একেপি পেয়েছে ৪৪.৪২ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে ৩০.০৭ শতাংশ ভোট।
অধিকাংশ শহরে জয় পেলেও খোদ রাজধানী আঙ্কারায় বড় ব্যবধানে হেরেছে ক্ষমতাসীন একেপির প্রার্থী। প্রায় ২৫ বছর পর রাজধানীর মেয়র নির্বাচনে হারল এরদোয়ানের দল।
তৃতীয় বৃহত্তম শহর ইজমিরেও বিরোধী দলের প্রার্থী জয় পেয়েছে। নিজেদের শক্ত ঘাঁটি ইস্তাম্বুলে সামান্য ভোটের ব্যবধানে জয় পেয়েছে একেপি।
ফলাফল ঘোষণার পর এক ভাষণে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশকে শক্তিশালী অর্থনীতির ওপর দাঁড় করাবেন।
অন্যদিকে প্রধান বিরোধীদলীয় নেতা কেমাল কিলিসদারোগলু বলেছেন, “আমরা সব রকমের অবিচারের মুখোমুখি হয়েছি। তবে মানুষ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে।”
মূলত মুদ্রাস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং তুর্কি মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ায় নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়ে এরদোয়ানের দল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক অবনতির ফলে চাপে পড়ে তুর্কি অর্থনীতি।