বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ‘ভালোবাসায় হাবুডুবু’ নিক-প্রিয়াঙ্কা

আমেরিকার একটি ম্যাগাজিন তাদের বিচ্ছেদ সম্ভাবনার খবর দিয়েছে। কিন্তু কোথায় কী? মার্কিন গায়ক নিক জোনাস এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তো আগের মতোই ভালোবাসায় ভরপুর। নিকের লাইভ অনুষ্ঠানে উল্লাস করতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। অন্যদিকে সাংকেতিক ভাষায় নিক তাকে ‘ভালোবাসি’ বার্তা দিয়েছেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিকের অনুষ্ঠানটি ছিল আটলান্টায়। সেখানেই রোমান্টিক ওই দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গানের ফাঁকে হাত উঁচিয়ে নিক বলছেন, ‘আমি তোমায় ভালোবাসি।’

নিকের কোনো অনুষ্ঠানে এটাই প্রিয়াঙ্কার প্রথম অংশগ্রহণ। তিনিও ভেসেছেন সেই প্রথমের উচ্ছ্বাসে। ছবি পোস্ট করে লিখেছেন, ‘জোনাসব্রাদার্সের শোতে এই প্রথম আমি। দারুণ লাগছে। এই পরিবারের লোকদের নিয়ে আমি গর্বিত।’

নিক-প্রিয়াঙ্কার ভালোবাসার প্রমাণ আছে আরও। শো শুরু হওয়ার আগে সাবেক বিশ্বসুন্দরী একটি ছবি পোস্ট করেন। সেখানে দুজনের ঠোঁটে দুজনকে আবদ্ধ দেখা গেছে।

ডিসেম্বরের শুরুতে নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। খ্রিষ্টান রীতিতে বিয়ে হয় ১ ডিসেম্বর। পরদিন হয় হিন্দু রীতিতে।