ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন দিল্লি ট্রান্সপোর্ট করপোরেশনের কর্মচারী আকিবুদ্দিন। নিজ বাড়ির দরজায় পাঁচ বছরের ছেলের সামনেই তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রোববার রাত পৌনে ১২টার দিকে দিল্লির নিউ উসমানপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, ঘটনার সময় নিজের ছেলে ও বোনকে নিয়ে বাড়ি ফিরছিলেন ৪০ বছর বয়সী আকিবুদ্দিন।
পরিবারের সদস্যরা জানান, পাঁচ ঘাতক তাদের মায়েদের নিয়ে আকিবুদ্দিনকে হত্যার জন্য বাড়ির সামনে অপেক্ষা করছিল।
আকিবুদ্দিনের বোন রেহমাত এএনআই-কে বলেন, “আমরা এসে দেখি- আমাদের বাড়ির সামনে পাঁচজন দাঁড়িয়ে আছে, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার ভাইকে দেখামাত্রই তারা গুলি শুরু করে। ঘটনার সময় ঘাতকদের মায়েরাও সেখানে উপস্থিত ছিল।”
এঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ঘাতকদের সবাই ওই পরিবারের পরিচিত। ব্যক্তিগত বিরোধের জেরে আকিবুদ্দিনকে হত্যা করা হতে পারে।