নিজের ফ্যাশন হাউসের বাইরে গুলিতে নিহত আমেরিকান র‌্যাপার

গ্র্যামি মনোনয়ন পাওয়া র‌্যাপার নিপসে হুসেলকে তার ফ্যাশন হাউসের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। এনবিসি নিউজ জানায়, রোববার বিকেলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসে এ ঘটনা ঘটে।

তবে হত্যাকারীকে এখনো ধরা যায়নি। এ হামলায় আরও দুজন আহত হয়েছেন।

খবরটি নিশ্চিত করে স্থানীয় মেয়রের দপ্তর। এক বিবৃতিতে বলা হয়, “আজ আমরা বড় মাপের একজন সুরকারকে হারালাম।” নিপসের পরিবারের প্রতি সমবেদনা -সমর্থনও জানানো হয়।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে দোকানের বাইরের পার্কিং লটে হুসেলের ওপর একাধিকবার গুলি বর্ষণ করা হয়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও ৩৩ বছর বয়সী হুসেলের শেষ টুইট ভাবনা ফেলে দিয়েছে। সেখানে তিনি লেখেন, “শক্তিশালী শত্রু থাকা আশীর্বাদ।” জানা যায়, সহিংসতা রোধে পুলিশের সঙ্গে হুসেলের কাজের কথা ছিল।

৩৩ বছর বয়সী এ গায়কের প্রকৃত গান এরমিয়াস অ্যাসগেডম। স্টুডিও অ্যালবাম ‘ভিক্টোরি ল্যাপ’ দিয়ে সংগীত জগতে তার অভিষেক হয়। এই অ্যালবামটি সেরা র‌্যাপ বিভাগে গ্র্যামি মনোনয়ন পেয়েছিল।

কয়েক বছর ধরে অভিনেত্রী লরেন লন্ডনের সঙ্গে বসবাস করছেন হুসেল। তাদের আড়াই বছর সন্তান রয়েছে। এছাড়া আগের সম্পর্কের সূত্রেও হুসেলের আরেক সন্তানের বাবা।

হুসেলের মৃত্যু খবরে হাসপাতালের বাইরে ভক্তদের ভিড় জমে যায়। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন রিয়ানাসহ শোবিজ জগতের অনেকে।