ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সোহাইল মাহমুদকে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
পাক পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কোরেশি রোববার জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আলোচনার করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্য ডন জানায়, ১৬ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়া।
দায়িত্বপালনে তার নিষ্ঠার কথা উল্লেখ করে কোরেশি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক কঠিন চ্যালেঞ্জ আসে। তিনি সবসময় হাসিমুখেই এসব চ্যালেঞ্জ সাহস, স্বচ্ছতা, দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন।
নতুন পররাষ্ট্র সচিবকে গতকাল ফোন দিয়ে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তার সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, তিনি একজন পরীক্ষিত কূটনীতিক।
কোরেশি বলেন, একজন শীর্ষ কূটনীতিক হিসেবে সোহাইলের দায়িত্বপালনে সুনাম আছে। ইতোমধ্যে তিনি ওয়াশিংটন, নিউইয়র্ক, থাইল্যান্ড, তুরস্কসহ অনেক দেশে দায়িত্ব পালন করেছেন।
সোহাইল মাহমুদ ১৯৮৫ সালে দেশটির ফরেন সার্ভিসে যোগদান করেন। বিভিন্ন দেশে দূতাবাস ও হাইকমিশনে দায়িত্ব পালন করেন। ছিলেন পশ্চিম এশিয়া বিষয়ক অতিরিক্ত সচিব এবং দুই আমেরিকা মহাদেশ বিষয়ক ডিরেক্টর জেনারেল। সর্বশেষ তিনি দায়িত্ব পালন করেন ভারতে।