মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া শুভেচ্ছা বিজ্ঞাপন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনগণের ট্যাক্সের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের শুভেচ্ছা বিজ্ঞাপনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদনটি করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।