প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মধ্যে বিচ্ছেদের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিল আমেরিকান সাময়িকী ওকে। এরপরই দ্রুত এ দম্পতি জানান, পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ইনস্টাগ্রামে নিজেদের একগুচ্ছ ছবি প্রকাশ করে জানিয়ে দেন ভালোই আছেন।
এ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ও প্রিয়াঙ্কার চাচাতো বোন পরিণীতি চোপড়া। হিন্দুস্তান টাইমসে এক সাক্ষাৎকারে তিনি জানান, খবরটি খুবই ভয়ানক। তবে পরিবারের মধ্যে কী ঘটছে এই নিয়ে কখনো বাইরে কথা বলবেন না।
‘হাসি তো ফাঁসি’ নায়িকা জানান, এ খবরে কিন্তু একদমই রাগ করেননি। তার স্বভাবও এমন নয়।
সঙ্গে আরও যোগ করেন, যদি কোনো কিছু প্রকাশ্য করতে চান- তাহলে টুইটারের মাধ্যমে জানাবেন। কিন্তু এটা একদম ব্যক্তিগত বিষয়।
ওকে ম্যাগাজিন ইতিমধ্যে প্রতিবেদনটি সরিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে পরিণীতি জানান, তারা ভুল বলেই প্রতিবেদনটি সরিয়ে ফেলেছে। আর সারা পৃথিবী জেনে গেছে খবরটি মিথ্যা।
পরিণীতিকে সর্বশেষ দেখা গেছে অক্ষয় কুমারের বিপরীতে ‘কেসারি’ সিনেমায়। সামনে আসছে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনীত ‘জাবারিয়া জুড়ি’। এদিকে ‘দ্য স্কাই ইজ পিংক’-এর মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন প্রিয়াঙ্কা। সোনালি বোসের পরিচালনায় আরও অভিনয় করছেন জায়রা ওয়াসিম ও ফারহান আখতার।