ঝড়ে আহত পাখির পরিচর্যা করলেন এই পুলিশ কর্মকর্তা

রোববারের কালবৈশাখি ঝড়ে ওলট-পালট পরিস্থিতি দেখা গেছে রাজধানীতে। এতে তিন ব্যক্তি নিহতও হয়েছেন। 
বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় অন্ধকার ছিল রাজধানীর অনেক এলাকা। বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হতেও লেগেছে দীর্ঘ সময়।

রাস্তায় ছিল যানজট। ফায়ার সার্ভিসের তথ্য মতে অন্তত ২৫টি গাছ উপড়ে গেছে।

এত বিপর্যয়ের মধ্যেও যে ভাবনাটি কারো ভাবনায় আসেনি, তা এসেছে পুলিশ কর্মকর্তা জাকির হোসাইনের। ঝড়ে আহত অজস্র পাখিকে তিনি আশ্রয় দিয়েছেন নিজ বাসায়।

জাকির হোসাইন যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশ রূপান্তরকে জানান, তাদের ফাঁড়িতে প্রায় দশটি গাছ আছে। এসব গাছে অন্তত ৫০ হাজার পাখি আসে।

রোববার ঝড়ের পড়ে তিনি বুঝতে পারেন পাখিদের অনেক ক্ষতি হয়েছে। ঝড় থামতেই তিনি বের হন। গিয়ে দেখেন কিছু পাখি মরে পড়ে আছে। কিছু পাখি আহত অবস্থায় পড়ে রয়েছে।

আহত পাখিদের তিনি নিজের ঘরে নিয়ে আসেন। নিহত পাখিদেরও কুড়িয়ে এনে তাদের সমাহিত করেন।

জাকির হোসাইন দেশ রূপান্তরকে বলেন, পাখিগুলো বৃষ্টির পানিতে ও ঠাণ্ডায় কষ্ট পাচ্ছিল। তাদের তখন প্রয়োজন ছিল উষ্ণতা। আমি তাদের ঘরে নিয়ে আসলে তারা কিছুটা আরাম পায়।

এই পুলিশ কর্মকর্তা আরো জানান, ফাঁড়ির গাছগুলোতে তিনি মাটির হাঁড়ি বেঁধে দিয়েছেন, যাতে পাখিরা আশ্রয় নিতে পারে।

এ ছাড়া তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে গাছের কোনো ডালও কাটেননি পাখিদের আশ্রয় যেন নষ্ট না হয় সে ভাবনা থেকে।

যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াদুদ আলী জানান, জাকির হোসাইন ও তার স্ত্রী পাখিপ্রেমী। তারা পাখিদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে।