সরকার দেশকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে ক্রমান্বয়ে তারা দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। 

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান সোমবার আদালতে হাজিরা দিতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি বলেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী সরকার মানুষের ভোটের অধিকারকে ধূলিসাৎ করেছে। গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে। বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দায়ের হচ্ছে। এরপর কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় মফিজুর রহমানের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করার ঘটনা বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের সংঘটিত অপকর্মগুলোরই ধারাবাহিকতা।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে কাজী মফিজুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।