বিদ্যালয়ের পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের পুকুর রক্ষার দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উপজেলার নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ের জমি অবৈধভাবে দখলে নেওয়ার পাঁয়তারা করার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। সকালে নাজিরপুর বাজার এলাকায় এ মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান খান বলেন, এলাকার জুলমত ঢালী কৌশলে ভূমি বন্দোবস্তের কাগজপত্র দিয়ে বিদ্যালয়ের পুকুরপাড়ের ০.৮৫ শতক জমি দখল করার পাঁয়তারা করছেন। এ সময় আরও বক্তব্য দেন নাজিপুর ক্লাস্টার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, শিক্ষক আবদুল ওয়াদুদ রতন, শিক্ষার্থীদের অভিভাবক জালাল উদ্দিন, সিদ্দিকুর রহমান, মনজুরুল হক মঞ্জু, সাব্বির আহমেদ ও শিক্ষার্থী ইমন পারভেজ। এ ব্যাপারে চেষ্টা করেও জুলমত ঢালির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল করিম বলেন, ‘কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা পুকুরটি জুলমত ঢালির কাছে তিন বছরের জন্য লিজ দিই। কিন্তু জুলমত একতরফাভাবে ভূমি বন্দোবস্ত করে তার দখলে নেওয়ার পাঁয়তারা করছে।’