মানিকগঞ্জে ঝড়ে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার

মানিকগঞ্জে ঝড়ে নিখোঁজের দুই দিন পর দুইজনের মৃতদেহ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে নিখোঁজ ইয়াদ আলী এবং প্রায় পনের কিলোমিটার দূরে চাঁন মিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রোরবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় ইয়াদ আলী ও চাঁন মিয়া নামে দুই কৃষি শ্রমিক নিখোঁজ হন।

এর দুইদিন পর মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মৃতদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে রোববার সন্ধ্যায় ঝড়ের সময় হরিরামপুর উপজেলার ধুলসূড়া এলাকায় পদ্মা নদীতে পাথরবোঝাই একটি ট্রলার ডুবিতে নাসির খান (৪২), ঈসমাইল খান (৫০) ও কলিম খান (৪৯) নামে তিনজন নিখোঁজ হন। তাদের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামে।

হরিরামপুরে পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান।