ভাতার আওতায় আসবে ১৪ লাখ প্রতিবন্ধী শিশু: প্রধানমন্ত্রী

আগামী অর্থবছর থেকে ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে বিশেষ ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে ভাতার আওতায় আনা হবে। বর্তমানে ১০ লাখ প্রতিবন্ধীকে প্রতি মাসে ৭০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া ৯০ হাজার শিক্ষার্থীকে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।”

তিনি বলেন, প্রতিবন্ধীদের সুবিধার্থে ইতোমধ্যে মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। সাভারে প্রতিবন্ধীদের জন্য স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য সংসদ ভবন সংলগ্ন জমিতে অনুশীলনের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

এছাড়া তাদের বাবা-মায়ের অবর্তমানে দেখাশোনার জন্য প্রতিটি বিভাগে পরিচর্যা কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, অটিজম আক্রান্তরা সমাজের বোঝা নয়।তাদের প্রতি দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সম্পদ বানাতে হবে। তাদের অবহেলা করা যাবে না।